ক) কোনো আবাসিক ছাত্র হাউসে আসার সময় মূল্যবান দ্রব্যাদি যেমন-রেডিও, টিভি, কম্পিউটার, মোবাইল ফোন, সোনার আংটি, দামি ঘড়ি অথবা নগদ টাকা আনতে পারবে না। খ) কলেজ কর্তৃক অনুমোদিত পোশাক ছাড়া কোনো প্রকার রঙিন পোশাক আনতে পারবে না। লুঙ্গি ব্যবহার অনুমোদন করা হয় না, পক্ষান্তরে ঘুমানোর পোশাক ব্যবহার করতে পারবে। গ) সুতি বা টেট্রনের পোশাক আনতে হবে। কিন্তু সিল্ক বা অনুরূপ দামি পোশাক আনা যাবে না। ঘ) প্যান্টের ঘের অসঙ্গতিপূর্ণ হতে পারবে না। বড়দের জন্য অনুমোদিত ঘেরের পরিমাণ হচ্ছে ২'০'' । প্যান্টের সোজা কাটিং হতে হবে। ফ্যান্সি ডিজাইন ব্যবহার করা যাবে না। ঙ) হাফ-হাতা বা ফুল-হাতা শার্ট যেমন পোশাকের তালিকায় উল্লেখ করা হয়েছে, সেরূপ তৈরি করতে হবে। শার্টে ঢাকনা ছাড়া বুকে একটি পকেট থাকবে। চ) নিচু হিলওয়ালা কালো রং-এর জুতা (অক্সফোর্ড সু) ছাত্রদের দিতে হবে। ছ) শীতকালে ব্লেজার/কোটের পরিবর্তে ব্লু পুলওভার/সোয়েটার দেয়া যেতে পারে। তবে তাতে রঙিন কারুকার্য থাকতে পারবে না। জ) প্রতি সাময়িকের শুরুতে ৬ মাসের মত ব্যবহার করা যায় এমন পরিমাণ টয়লেটের সামগ্রী ছাত্রদের সঙ্গে দিতে হবে। ছাত্রদেরকে এগুলো বাইরে গিয়ে ক্রয় করতে দেয়া হয় না এবং অভিভাবককে সাক্ষাতের নির্দিষ্ট তারিখ ব্যতীত এগুলো নিয়ে কলেজে/ হাউসে আসতেও দেয়া হয় না। ঝ) হাউসে আসার পূর্বেই ছাত্রদের চুল ছোট করে ছেঁটে আসতে হবে। ঞ) ছুটি কাটানোর পর অবশ্যই নির্ধারিত তারিখে ছাত্রকে হাউসে ফিরে আসতে হবে। গুরুতর অসুস্থতা ছাড়া কোনো কারণেই অতিরিক্ত সময় স্বগৃহে অবস্থান করতে পারবে না। তবে গুরুতর অসুস্থতার ক্ষেত্রে আগেই ডাক্তারী সনদপত্রসহ অধ্যক্ষের নিকট ছুটি মঞ্জুরের জন্য আবেদন করতে হবে। ট) ক্লাস/পরীক্ষা চলাকালীন জন্মদিবস পালন, বিয়ের অনুষ্ঠান, উরশ, মিলাদ-মাহফিল ইত্যাদি উপলক্ষে ছুটির অনুরোধ করা যাবে না। এগুলো শুধু সংশ্লিষ্ট ছাত্রেরই লেখাপড়ায় একনিষ্ঠ মনোযোগ নষ্ট করে না, বরং তার শ্রেণির অন্য ছাত্রদেরও বাড়ি যাওয়ার প্রতি প্রবণতা বাড়িয়ে দেয় এবং পাঠগ্রহণ ব্যাহত করে। ঠ) আবাসিক ছাত্রদের সঙ্গে অভিভাবকদের অনির্ধারিত তারিখে সাক্ষাৎ কলেজের স্বাভাবিক কর্মতৎপরতা ব্যাহত করে এবং অন্য ছোট ছেলেদের মনে প্রতিক্রিয়ার সৃষ্টি করে। তাই অভিভাবকদেরকে একাডেমিক ক্যালেন্ডারে ঘোষিত নির্ধারিত তারিখে তাদের পুত্র/প্রতিপাল্যকে দেখতে আসার জন্য অনুরোধ করা হল। ড) এ পুস্তকের ৬ পৃষ্ঠার ৫ নং ধারা মোতাবেক প্রত্যেক অভিভাবককে কলেজের বেতনাদি যথাসময়ে পরিশোধ করতে হবে।